সড়ক মেরামতের কাজ দ্রুত শেষ করার আশ্বাস পেয়ে ময়মনসিংহ বিভাগের চার জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি।
রবিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও জিলা মটর মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান জানান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় কমিশনার আগামী বুধবার (২৬ জানুয়ারি) আলোচনা আহ্বান জানিয়েছেন। এ কারণে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
এর আগে গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজে দ্রুত শেষ করার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব গণপরিবহন বন্ধ ঘোষণা করে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
রবিবার ভোর থেকে শুরু হয় এই ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

