নিজস্ব প্রতিবেদক :
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৭ জুলাই) শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সায়রা বানু নামে এক ভারতীয় কারাবন্দির প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা দেন। পাশাপাশি অন্যান্য কারাবন্দীর ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। এছাড়া কারাবন্দীদের প্রতি মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করতে কারারক্ষীদের নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করে খাবারের মান সন্তোষজনক বলে মন্তব্য করেন। রান্নাঘরে গ্যাস সংযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপস্থিত উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) এ. কে. এম. দিলদার হোসেনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ কারা বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

