কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিখোঁজের দুদিন পর ফরহাদ মিয়া (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পাতিলাপুর মিয়াপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামের নুর আলম মিয়ার ছেলে ফরহাদ মিয়া বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন খোঁজ খবরের পরও তাকে না পেয়ে শুক্রবার এলাকায় মাইকিং করে।
শনিবার সকালে তার বাড়ি থেকে প্রায় ২০০ গজ দুরে এক নারী কচু শাক তুলতে গিয়ে আমন ক্ষেতে অর্ধগলিত এক শিশুর মরদেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ছুটে যায়। পরে শিশু ফরহাদের পরিবার তার লাশ সনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। নিহত ফরহাদ মিয়া খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
নিহত ফরহাদের মা ছাবিনা ইয়াসমিন বলেন, পারিবারিকভাবে কারো সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার চান তিনি।
দলদলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

