Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রডের আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ২৭, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের মেলান্দহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের রডের আঘাতে মানিক মিয়া (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে গ্রামজুড়ে।

মঙ্গলবার সকালে উপজেলার পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের মৃত নেপাল ব্যাপারীর ছেলে কাশেদ (৪৫), কাশেদের স্ত্রী পারভীন বেগম (৩০) এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার টাংগারপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে বেলায়েত (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত মানিক মিয়ার ছোট মেয়ে মিতালী আক্তারের সঙ্গে অভিযুক্ত আসামি কাশেদের ছেলে আবদুল্লার সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে নিহত ব্যক্তি ও কাশেদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি একপর্যায়ে কাশেদের রডের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে মানিক। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে মিতালী আক্তার জানান, আমাকে কাশেদের ছেলে আব্দুল্লাহ বাজে কথা বলে ক্ষ্যাপাচ্ছিল। আমার বাবা-মাকে বিষয়টি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কাশেদ আমার বাবাকে রড দিয়ে আঘাত করে। তার রডের আঘাতে আমার বাবার মৃত্যু হয়। আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, নিহতের মেয়ের সঙ্গে কাশেদের ছেলের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কাশেদ ও তার স্ত্রী পারভীন বেগম মানিক মিয়াকে রড দিয়ে আঘাত করে। রডের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।