Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৭ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১১ হাজার লিটার সয়াবিন তেল ছিনতাই, চেয়ারম্যানের ভাইয়ের দোকান থেকে উদ্ধার ৮ হাজার লিটার

প্রতিবেদক
Mym Office
আগস্ট ১৭, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকসহ ছিনতাই করা ৮ হাজার ১৮৪ লিটার সয়াবিন তেল শাহজাহান শাজু নামে এক ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই এলাকার শাহজাহান শাজুর দোকান থেকে ৮ হাজার ১৮৪ লিটার তেল (৪৪ ড্রাম) উদ্ধার করা হয়। শাহজাহান শাজু ভাইটকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলালের ভাই বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৫ আগস্ট রাতে নারায়নগঞ্জ থেকে ১১ হাজার ১৬০ লিটার (৬০ ড্রাম) তেল কিনেন গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকার এক ব্যবসায়ী। পরে ওই দিন রাতেই তেল ট্রাকে লোড করে গাজীপুরের মাওনা চৌরাস্তা উদ্দেশ্যে রওনা দেন প্রতিষ্ঠানের ম্যানেজার ফারুক মিয়া। পথিমধ্যে রুপগঞ্জ এলাকায় আসতেই একটি প্রাইভেটকার ট্রাকের পথরোধ করে অজ্ঞাত ছিনতাকারী দল ট্রাকে উঠে ম্যানেজার ফারুক মিয়া, ট্রাক চালক রুহান মিয়া ও সহকারীকে হাত, পা, মুখ বেঁধে প্রাইভেটকারে তুলেন। পরে ওই ছিনতাইকারীদের একজন ট্রাক চালিয়ে ময়মনসিংহের ত্রিশালে আসে। সেখানে ট্রাক থেকে তেল অন্য ট্রাকে নিয়ে ম্যানেজার, চালক ও সহকারীকে সড়কে ফেলে চলে যায়। পরদিন ভোর রাতে (মঙ্গলবার) ম্যানেজার ফারুক মিয়া ত্রিশাল থানায় সয়াবিন তেল ছিনতাইয়ের বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দ করে। পরে ম্যানেজার ফারুক মিয়ার কথা মতো বিষয়টি ফুলপুর থানা পুলিশকে জানায় ত্রিশাল থানার পুলিশ।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ত্রিশাল থানা থেকে বিষয়টি জানানোর পর আমরা ওই দিন রাতে ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই এলাকার শাহজাহান শাজু দোকান থেকে ছিনতাই হওয়া ৪৪ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করি।
গোপন সংবাদের ভিত্তিতে আমরা আরও জানতে পারি, যে তেল ছিনতাই করেছে সে শেরপুর নকলা উপজেলার বাসিন্দা। তার নামে তেল ছিনতাইয়ের একাধিক মামলা আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে, তদন্তের স্বার্থে নাম ঠিকানা প্রকাশ করেননি তিনি।