মো.রফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে রবি/২০২২-২৩ মৌসুমে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ উপলক্ষ্যে উপজেলা খাদ্য গুদাম চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, অতিরিক্তকৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, গোদাম কর্মকর্তা খন্দকার মুনতাসীর মামুন,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ ন ম মাহবুবুল হক অপু প্রমূখ।
অনুষ্ঠানসঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এ বি এম লুৎফর রহমান নয়ন। এ সময় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, কৃষি
পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৯ শত ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এর মধ্যে ৯ শত ৪০জন কৃষকের মাঝে গম, ৩ শত ৭০ জন কৃষকের মাঝে ভুট্টা, ৫ হাজার ৬ শত কৃষকের মাঝে সরিষা, ১৫ জন কৃষকের মাঝে সূর্যমূখী, ১০জন কৃষকের মাঝে চিনা বাদাম, ৫জন কৃষককে শীতকালীন পেঁয়াজ ও ১০
জন কৃষককে মুগডাল এর বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হবে। আজ এ কার্যক্রমের
আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রথমদিনে আমরা উপজেলার স্বদেশী ও কৈচাপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৮শত কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করেছি। একজন কৃষক কেজি বীজ, ১ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

