রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট : ময়মনসিংহ হালুয়াঘাটের বিলডোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইউনিয়ন পর্যায়ে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিলডোরা ইউনিয়নের ১৩টি বিদ্যালয়ের অনুষ্ঠিত বিভিন্ন বিষয় ও ইভেন্টে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলডোরা ইউনিয়নের চেয়ারম্যান সাবজাল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহান সিরাজ তালুকদার।সঞ্চালনা করেন একলাছ উদ্দিন,প্রধান শিক্ষক বিলডোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি, সভাপতি, ও সঞ্চালকের বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থা থেকে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলে, অনুশীলন ও চর্চা করলে, তারা শারীরিক ও মানসিকভাবে সত্য ও সুন্দরকে ধারণ করতে শিখবে। তাদের এই সুযোগ করে দেওয়া সবার মিলিত দায়িত্ব ও কর্তব্য। এটা করতে পারলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াচর্চার মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের সুযোগ পাবে। ফলে পরবর্তী সময়ে তারা নেতিবাচক বা ক্ষতিকারক কোনো কিছুর সঙ্গে জড়িত হবে না। পরে বিভিন্ন ইভেন্ট ও বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

