- তপু রায়হান রাব্বি :
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ জেলার মধ্যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ফুলপুর উপজেলা। ২০২৫ সালের ডিসেম্বর মাসের সার্বিক মূল্যায়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ফুলপুর উপজেলা ময়মনসিংহ জেলায় প্রথম স্থান অর্জন করে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমার হাতে সম্মাননা স্মারক সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
এ সময় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন,
“জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি পরীক্ষিত ও কার্যকর মডেল। সঠিক জনসংখ্যা তথ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারি। এর মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন,“এই অর্জন হয়তো সামান্য, তবে দায়িত্ব পালনে আমাদের স্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিত সভার মাধ্যমে কর্মপন্থা নির্ধারণ করা হয়।”
তিনি আরও জানান,গ্রাম পুলিশ ও পৌরসভার নির্বাচিত কর্মচারীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়। পরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিবন্ধন সম্পন্ন করে সনদ সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।এই সাফল্যে তিনি শ্রদ্ধেয় জেলা প্রশাসক, উপপরিচালক (স্থানীয় সরকার) মহোদয় এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে যুক্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

