Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিএনপির নির্বাচনী মহাসমাবেশ: তাঁতী দলের শো-ডাউন

প্রতিবেদক
Dhaka Office
জানুয়ারি ২৭, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয়েছে বিএনপির এক বিশাল নির্বাচনী মহাসমাবেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। ২০০৪ সালের পর ময়মনসিংহে এটিই তাঁর প্রথম কোনো প্রকাশ্য জনসভা, যা ঘিরে পুরো বিভাগে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক উন্মাদনা।

মঙ্গলবার দুপুরের আগে থেকেই ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ময়মনসিংহ সদর ছাড়াও জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা থেকে আসা লক্ষ লক্ষ নেতা-কর্মীর পদভারে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। বেলা বাড়ার সাথে সাথে এই জনস্রোত বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

মহাসমাবেশকে সফল করতে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের পক্ষ থেকে এক বিশাল শো-ডাউন ও মিছিল আয়োজন করা হয়। ব্যানার, ফেস্টুন এবং দলীয় প্রতীক ধানের শীষ হাতে নিয়ে বিশাল এই মিছিলটি যখন সমাবেশস্থলে প্রবেশ করে, তখন উপস্থিত নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

দক্ষিণ জেলা তাঁতী দলের এই বিশাল মিছিলে নেতৃত্ব দেন, ময়মনসিংহ জেলা তাঁতী দলের সভাপতি ডাক্তার রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মন্ডল, কোতোয়ালি থানা তাঁতী দলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার লিংকনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

সমাবেশস্থলে তাঁতী দলের নেতা-কর্মীরা “তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে” এবং “ভোটাধিকার ফিরিয়ে দাও” স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।

মিছিল চলাকালীন সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেলা তাঁতী দলের সভাপতি ডাক্তার রুহুল আমিন বলেন, “দেশনেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাঁতী দল সবসময় রাজপথে সক্রিয় আছে এবং থাকবে। আজকের এই উপস্থিতি প্রমাণ করে বাংলার মানুষ আবারও তাদের প্রিয় নেতাকে ক্ষমতায় দেখতে চায়।”

বিকেল ৪টার দিকে তারেক রহমান মঞ্চে আরোহণ করলে সমাবেশস্থলে গগনবিদারি করতালি ও স্লোগান শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ—এই স্লোগান নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার ভোট কেন্দ্র পাহারা দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ময়মনসিংহের এই তৃণমূল পর্যায়ের বিশাল জনস্রোত প্রমাণ করেছে যে, সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে।

সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবক বাহিনীও সক্রিয় ছিল। বিশাল এই জনসমাবেশে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।