তপু রায়হান রাব্বি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা।
সভায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রকার আলোকসজ্জা, গেট, প্যান্ডেল কিংবা সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না। প্রত্যেক ওয়ার্ডে রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ একটি করে নির্বাচনী ক্যাম্প এবং ইউনিয়ন পর্যায়ে একটি ক্যাম্প স্থাপন করতে পারবেন। দলীয় কার্যালয়ে কোনো নির্বাচনী ক্যাম্প বা কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও জানান, প্রচার-প্রচারণার কাজে সর্বোচ্চ তিনটি মাইক ব্যবহার করা যাবে এবং প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ৮টার মধ্যে প্রচার কার্যক্রম শেষ করতে হবে। নির্বাচনী সভা বা সমাবেশ আয়োজনের ক্ষেত্রে অবশ্যই রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি নিতে হবে। বিশেষ নিরাপত্তার প্রয়োজন হলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে পুলিশ প্রশাসনকে অবহিত করতে হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা স্পষ্টভাবে জানান, কোনো প্রকার দেয়াল লিখন, দেয়ালে পোস্টার লাগানো কিংবা গাছে পোস্টার ঝোলানো সম্পূর্ণ নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী সার্বক্ষণিক টহল ও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত থাকবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ঘিরে কোনো নাশকতার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে।
সভায় সাদিয়া ইসলাম সীমা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ভোটাধিকার ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে এবং সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে সকালে ময়মনসিংহ-২ আসনসহ জেলার ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। সকাল থেকেই প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।ময়মনসিংহ-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—
বিএনপির মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার (যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি),
রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহামুদুল্লাহ (কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি),স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার (সাবেক এমপি ও বিএনপির বহিষ্কৃত নেতা),
গোলাম মাওলা ভূইয়া (সাবেক সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা),
অধ্যক্ষ এমদাদুল হক খান (যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি),মো. জুলহাস উদ্দীন শেখ (বাংলাদেশ সুপ্রিম পার্টি),
এবং স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক (সুপ্রিম কোর্টের আইনজীবী)।

