বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ময়মনসিংহ-৪ সদর আসনে বিপুলভোটে নির্বাচিত সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। নির্বাচিত হওয়ার পর থেকে আসনের বিভিন্ন এলাকায় আয়োজিত সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
মোহিত উর রহমান শান্ত আল্লাহ’র নামে শপথ করে বলেন, আমার ডানে বামে কারা বুঝবোনা। মাদকের সঙ্গে কোন আপস নাই। ময়মনসিংহ থেকে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও ভূমিদস্যু উৎখাত করবই। যে মাদক আমার সন্তান তথা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে সেই মাদক ব্যবসায়ী যেই হোক ছাড় নাই।
তিনি ময়মনসিংহ ডিসি-এসপিকে সুযোগ্য উল্লেখ করে বলেন, দেশের জনগণ টানা তিনবার ম্যান্ডেট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। মানুষ শান্তি চায়, নিরাপদে বাঁচতে চায়। তাই আওয়ামী লীগসহ সকল স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা ময়মনসিংহকে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও ভূমিদস্যু মুক্ত একটি সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব। প্রশাসন, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করবে।
তিনি বলেন, খন্দকার মোশতাকরা কিন্তু আওয়ামী লীগই করত। বর্তমানে দলীয় লেবাসে যারা স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে মিলে ময়মনসিংহকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এই জনসমুদ্র থেকে তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ময়মনসিংহ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। আমি শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হতে পেরেছি এতেই আমি ধন্য। এখন জীবনের শেষ সময়টুকু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেন মৃত্যুর পর মানুষ দুই হাত তুলে দোয়া করেন।

