অনিক খাঁন, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে “অপরাধ বিভাগে” টানা চারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ডিএমপির ‘মিরপুর বিভাগ’। এ উপলক্ষে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা শ্রেষ্ঠত্ব অর্জনকারী মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকারের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ইউনিটের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
অপরাধ বিভাগের মধ্যে মিরপুর বিভাগের প্রথম স্থান অর্জন, ডিএমপির আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিভাগের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। মিরপুর বিভাগের এ অর্জনের পেছনে বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার ও অধীনস্থ কর্মকর্তা-ফোর্সের সমন্বিত নেতৃত্ব, কার্যকর তদারকি এবং পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একই মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করে মিরপুর বিভাগের পল্লবী থানা। এছাড়া তুরাগ থানা দ্বিতীয় স্থান অর্জন করে, যা মিরপুর বিভাগের সার্বিক সাফল্যকে আরও সমৃদ্ধ করেছে। এ অর্জন প্রমাণ করে, মিরপুর বিভাগের থানা পর্যায়েও অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতি অব্যাহত রয়েছে।
এছাড়া সহকারী পুলিশ কমিশনার, এসআই, এএসআই, গোয়েন্দা ও ট্রাফিক বিভাগেও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। ট্রাফিক বিভাগে ‘ট্রাফিক-মিরপুর বিভাগ’ শ্রেষ্ঠ ইউনিট হিসেবে স্বীকৃতি লাভ করে, যা মিরপুর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভাগের সফলতার আরেকটি প্রমাণ।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিটগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণকে আধুনিক পুলিশি সেবা প্রদানে একই নিষ্ঠা ও পেশাদারিত্ব ধরে রাখার আহ্বান জানান।
অন্যদিকে, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে বিভাগের সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই শ্রেষ্ঠত্ব ভবিষ্যতেও রাজধানীর নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমে মিরপুর বিভাগকে আরও কার্যকর ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

