Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও চাঁদাবাজিমুক্ত ময়মনসিংহ গড়ার অঙ্গীকার — প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

প্রতিবেদক
Editor
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নান্দাইলসহ সমগ্র ময়মনসিংহ জেলাকে মাদক ও চাঁদাবাজিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’; কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁর দরজা সবার জন্য খোলা। সাধারণ মানুষ ন্যায্য প্রয়োজনে আসবে—এটাই স্বাভাবিক। তবে কেউ তাঁর বা দলের নাম ব্যবহার করে অনৈতিক তদবির বা অপকর্মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কে আলেম, কে জালেম—তা সবসময় বোঝা সহজ নয়। তাই প্রতারণা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”
কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, প্রকৃত উপকারভোগীরা যেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পান, তা নিশ্চিত করতে হবে। নগরীর যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সার্কিট হাউজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও পরিকল্পনার কথা উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এতে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।